ঈদযাত্রা তদারকিতে বিআরটিএর ছয় কমিটি

বিশেষ প্রতিনিধি

ঈদ উপলক্ষ্যে সড়ক-মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে মনিটরিং করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের নেতৃত্বে ছয়টি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ঈদের আগে ও পরের ছয় দিন সব ধরনের মনিটরিং করবে। বৃহস্পতিবার বিআরটিএ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। কমিটিতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি), সড়ক-মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটিগুলো দুই শিফটে কাজ করবে। বিআরটিএ থেকে জারি করা এক অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৮ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই শিফটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর হচ্ছে ৫৫০৪০৭৩৭, মোবাইল নম্বর- ০১৫৫০০৫১৬০৬। বিআরটিএর পক্ষ থেকে সংস্থার পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখর বিশ্বাসকে ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করা হয়েছে।