পরিকল্পনা প্রতিমন্ত্রী হচ্ছেন ড. শামসুল আলম

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. শামসুল আলম। রবিবার সন্ধ্যায় তার শপথ গ্রহণের কথা জানা গেছে। দীর্ঘ ১২ বছর তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য পদে দায়িত্ব পালন করেছেন। গত ৩০ জুন তার সদস্য পদে (জ্যেষ্ঠ সচিব) চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হয়।

বর্তমান সরকার প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ২০০৯ সালে পরিকল্পনা মন্ত্রণালয়ের জিইডি সদস্য হিসেবে দায়িত্ব পান ড. শামসুল আলম। এরপর কয়েক      বার তার চুক্তিভিত্তিক মেয়াদ বাড়ানো হয়। পরিকল্পনা মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে বাংলাদেশের প্রথম প্রেক্ষিত পরিকল্পনা (২০১০-২০২১), শতবর্ষের ডেল্টা পরিকল্পনা, ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১১-২০১৫), সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০১৬-২০২০), অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা (২০২১-২০২৫) প্রণয়ন হয়। তিনি বাংলাদেশ টেকসই উন্নয়ন কৌশলপত্র (২০১১-২০২১) ও সামাজিক নিরাপত্তা কৌশলপত্র (২০১৫-২০২৫) প্রণয়নের দায়িত্ব সফলভাবে পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জন বিষয়ক বেশ কিছু প্রতিবেদন, গবষণা গ্রন্থ সরাসরি তত্ত্বাবধান ও সম্পাদনা করেন।

যুক্তরাজ্যের নিউ ক্যাসেল ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা এই অর্থনীতিবিদ তার দীর্ঘ কর্মজীবনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৯৭৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত অধ্যাপনা করেন। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি হিসেবেও দায়িত্ব পালন করেন। অধ্যাপনা জীবনে তিনি জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অংশগ্রহণ করেন।

 ১৯৫১ সালে চাঁদপুর জেলার মতলবে জন্মগ্রহণকারী ড. শামসুল আলম অর্থনীতি বিষয়ক ১২টি গ্রন্থ রচনা করেন। এছাড়াও তার বহু গবেষণা প্রতিবেদন বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। ২০১৮ সালে সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিং তাকে ইকোনমিস্ট অব ইনফ্লুয়েন্স পুরস্কারে ভূষিত করে। এছাড়াও তিনি বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি স্বর্ণপদক, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষণ সোসাইটি কর্তৃক নজরুল ইসলাম স্মৃতি পদক লাভ করেন। ২০২০ সালে অর্থনীতিতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।