ধর্মীয় ওয়াজের আড়ালে জঙ্গিবাদ প্রচারের অভিযোগে মাহমুদ হাসান গুনবি ওরফে হাসান ওরফে গুনবিকে গ্রেফতার করেছে র্যাব। গুনবিকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ আধ্যাত্মিক নেতা বলে দাবি করেছে বাহিনীটি। বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর শাহ আলীর বেড়িবাঁধ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয়েছে উগ্রবাদী পুস্তক ও লিফলেট। গতকাল শুক্রবার রাজধানীর কাওরান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য দেন র্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন।
জঙ্গি সংগঠন হুজিতে জড়িয়ে পড়েন যেভাবে
র্যাব মুখপাত্র জানিয়েছেন, গুনবি প্রথমে জঙ্গি সংগঠন হুজির (বি) সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে আধ্যাত্মিক জঙ্গি নেতা জসিম উদ্দিন রহমানির সঙ্গে তার পরিচয় এবং ঘনিষ্ঠতা হয়। এরপর থেকে আনসার আল বাংলা টিম বা আনসার আল ইসলামের সঙ্গে সম্পৃক্ত হন। জসিম উদ্দিন রাহমানি গ্রেফতারের পর উগ্রবাদিত্ব প্রচারক হিসেবে নিজেকে অধিষ্ঠিত করেন।
জঙ্গিদের আত্মঘাতী করতেন যেভাবে
আধ্যাত্মিক নেতা হিসেবে ব্যাপক পরিচিতি ছিল গুনবির। সাধারণ জঙ্গিদের আত্মঘাতী হিসেবে উদ্বুদ্ধ করতে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তনে অগ্রণী ভূমিকা রাখতেন। এছাড়া আনসার আল ইসলামের (এবিটি) অন্যতম একজন দর্শন পরিবর্তনকারী তিনি।
মাহফিলের আড়ালে জঙ্গি সদস্য সংগ্রহ
গুনবি ওয়াজ বা নিজ পেশার আড়ালে জঙ্গিবাদ প্রচার করতেন বলে জানিয়েছে র্যাব। একাধিক ধর্মীয় সংগঠন বা প্রতিষ্ঠানের সঙ্গে তিনি জড়িত ছিলেন। সংগঠন বা প্রতিষ্ঠানগুলোর ভেতরে তার ঘনিষ্ঠদের মধ্যে বেশ কয়েক জন জঙ্গি ইতিমধ্যে গ্রেফতার হয়েছে।