ইউরোপে শতাব্দীর ভয়াবহ বন্যা

জার্মানি ও বেলজিয়ামে মৃতের সংখ্যা ১২০ ছাড়িয়েছে

জার্মানি ও বেলজিয়ামে আকস্মিক বন্যায় কমপক্ষে ১২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনো ১ হাজার ৩০০-র বেশি মানুষ নিখোঁজ রয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, প্রবল বৃষ্টিতে জার্মানির পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় বাড়িঘর ধসে পড়েছে। এসব ধ্বংসস্তূপে চাপা পড়েছে অনেকে। বেশ কিছু এলাকায় উদ্ধার তত্পরতায় সেনা মোতায়েন করা হয়েছে। হেলিকপ্টার দিয়েও তল্লাশি অভিযান চলছে। বন্যা দেখা দিয়েছে পার্শ্ববর্তী দেশ নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডেও।

অনেক রাজনীতিক ও বিশ্লেষকের দাবি, জলবায়ু পরিবর্তনের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ওয়াশিংটন ডিসিতে সফররত জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বন্যার ভয়াবহতায় শোক প্রকাশ করে আক্রান্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জোরালোভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, শুধু জার্মানিতেই মৃত্যু হয়েছে ১০০-র বেশি মানুষের। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। কোলনের দক্ষিণে অবস্থিত আরওয়েইলার জেলায় প্রায় ১ হাজার ৩০০ মানুষ নিখোঁজ আছে। বন্যাকবলিত কিছু এলাকায় মোবাইল ফোন নেটওয়ার্ক কাজ না করায় অনেকেই প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ করতে পারছে না।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে আছে জার্মান গ্রাম শুল্ড, যেখানে অসংখ্য বাড়ি ভেঙে পড়েছে এবং অনেক মানুষ নিখোঁজ আছে। অনেক জায়গায় রাস্তায় দালান ধসে পড়ে চলার পথ বন্ধ হয়ে গেছে।

বেলজিয়ামে মৃত্যু হয়েছে কমপক্ষে ২২ জনের। নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে।