লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ

যাত্রীবাহী লঞ্চে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। গতকাল শুক্রবার  বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান এ তথ্য জানান।

বিধিনিষেধ শিথিলের কারণে গত বুধবার মধ্যরাত থেকে অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল শুরু হয়েছে। লঞ্চে স্বাস্থ্যবিধি মেনে ঈদে ঘরমুখী যাত্রী পরিবহনের সুবিধার্থে মোটরসাইকেল বহন নিষিদ্ধ করা হয়েছে বলে বিআইডব্লিউটিএ থেকে জানা গেছে। শিথিল বিধিনিষেধের মধ্যে চলাচলের সময় লঞ্চের ডেকে করা মার্কিং অনুযায়ী যাত্রীদের বসতে হবে বলে গত ১৪ জুলাই জানিয়েছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আগামী ২১ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।

পবিত্র ঈদুল আজহা উদ্যাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ-পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৪ জুলাই মধ্যরাত থেকে আগামী ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত বিধিনিষেধ শিথিল করে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

এই প্রজ্ঞাপনের আলোকে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে এবং প্রত্যেক যাত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও সব স্বাস্থ্যবিধি মেনে নৌযান পরিচালনার জন্য গত ১৩ জুলাই সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ।