শাশুড়ি আলেয়া বেগমের দেওয়া মিথ্যা মামলায় পুত্রবধূ অনিতা জামান জেল হাজতে। অন্যদিকে মায়ের মুক্তির দাবিতে অবস্থান ধর্মঘটে আছেন বড় ছেলে আলিফ (১৩) ও দুগ্ধপোষ্য ছোট ছেলে গালিফ (আড়াই বছর)। মায়ের মুক্তি না হওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে উঠবেন না বলে জানিয়েছেন তারা।
শনিবার (১৭ জুলাই) সকাল থেকে বরগুনা টাউনহল চত্ত্বর ও পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন তারা। অসহায় দুই শিশুর এই অবস্থান কর্মসূচী দেখতে ভিড় জমান উৎসুক জনতা। আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকেই। ধর্মঘটে তাদের দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার ও অনতিবিলম্বে মায়ের মুক্তি হোক। সেই সাথে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
ভুক্তভোগী শিশু আলিফের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের বাড়ি বরগুনার খেজুরতলা গ্রামে। বাবার চাকরির সুবাদে তারা গাজীপুরে বসবাস করে আসছিল। সেখানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ৭ম শ্রেণির শিক্ষার্থী। ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে একটি পরীক্ষায় ১ম স্থান অধিকার করে মেধাবী শিক্ষার্থী আলিফ ইংল্যান্ডে লেখাপড়ার সুযোগ পেয়েছে। তার ভিসাও প্রস্তুত অথচ এই সময়ে তার দাদির দায়ের করা মিথ্যা মামলায় কারাগারে রয়েছে তাদের মা আনিতা জামান। শিশু আলিফ আরও জানায়, তার বয়স এখন ১২ বছর অথচ মিথ্যা মামলায় তার বয়স ১৮ বছর দেখিয়ে তাকেও আসামি করা হয়েছে।
এ বিষয়ে অনিতা জামানের আইনজীবি এ্যাড. মোঃ নজরুল ইসলাম সিকদার বলেন- আমি অনিতা জামানের জামিনের জন্য বিজ্ঞ বরগুনা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেছি। ভার্চ্যুয়াল আদালতে রবিবার জামিনের শুনানি হবে বলে আশা করছি।
ইত্তেফাক/এসজেড