এই সময়ের ছড়া

পরছ না মাস্ক, কিন্তু কেন?

 

পরছ না মাস্ক, কিন্তু কেন? কে করেছে বারণ?

বলতে হবে সত্যি করে কী এর প্রধান কারণ।

খুবই সাহস? এদিক তাকাও

বললে কিছু ঘাড়টা বাঁকাও

তর্কতে যাও, বিরক্ত হও, চোখটা গরম করো

তোমার মতো আরো মানুষ আছে এমনতর।

 

কিনছ না মাস্ক, কতই বা দাম, খুব বেশি নয় জানো

কিন্তু এটা ফালতু খরচ বলে হিসেব টানো।

ভিন্ন গ্রহের মানুষ তুমি?

কলঙ্কিত করছ ভূমি

শিক্ষিত নাম নিয়েও তুমি আসল অশিক্ষিত

কে সেই গুরু, কোথায় তুমি হয়েছ দীক্ষিত?

 

দুকান ধরো এক্ষুনি আর বলতে থাকো জোরে

ভুল করেছি, মাস্ক ছাড়া পথ চলবো না ভাই ওরে।

দেশের মহা দুর্দিনে আজ

মাস্ক পরা নয় জরুরি কাজ?

গল্পকথার ফুলঝুরিতে ওড়াও কেন ফানুস?

হচ্ছ নিজে সংক্রমিত, হচ্ছে কাছের মানুষ।