মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে
আলোচনা হতে পারে
রয়টার্স
ইরাকি প্রধানমন্ত্রী মুস্তফা আল কাধেমিকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। চলতি মাসেই কাধেমি যুক্তরাষ্ট্রে সফরে যাবেন বলে দুই দেশের পক্ষ থেকেই নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৬ জুলাইয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং মুস্তফা আল কাধেমির মধ্যকার বৈঠক যুক্তরাষ্ট্র এবং ইরাকের মধ্যকার কৌশলগত অংশীদারিত্ব তুলে ধরবে। উল্লেখ্য, ইরাকের বাগদাদ শহর থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে গত বৃহস্পতিবার কাধেমি এবং মার্কিন দূত ব্রেট ম্যাকগার্কের মধ্যে আলোচনা হয়। ইরাকের বিভিন্ন অঞ্চলে এখনো প্রায় সাড়ে ৩ হাজার বিদেশি সেনা অবস্থান করছেন। এর মধ্যে আড়াই হাজারই মার্কিন সেনা। ওয়াশিংটন সফরের সময় মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে যুক্তরাষ্ট্রকে কাধেমি চাপ দেবেন বলে আশা করা হচ্ছে। ইরাক থেকে এসব বিদেশি সেনা প্রত্যাহারে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
গত কয়েক মাসে ইরাকে মার্কিন অবস্থান লক্ষ্য করে একের পর এক হামলার ঘটনা ঘটছে। গত মাসে ইরাক-সিরিয়া সীমান্তে মার্কিন অভিযানে ইরানের সঙ্গে সম্পর্কিত ইরাকি মিলিশিয়ার চার সদস্য নিহত হয়। সেই সময় নিজেদের যোদ্ধাদের হত্যার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। এরপর থেকেই একের পর এক রকেট ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। কয়েকদিন আগেই ইরাকের পশ্চিমাঞ্চলে আইন আল আসাদ বিমান ঘাঁটিতে ১৪ বার রকেট হামলা চালানো হয়। ঐ হামলার এক সপ্তাহ পরেই কাধেমি এবং ব্রেট ম্যাকগার্কের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।