করোনা ভাইরাসের ডেলটা সংক্রমণের ক্ষেত্রেও মৃত্যু ঠেকাতে টিকা ৯৯ শতাংশ কার্যকারিতা দেখাচ্ছে বলে দাবি করেছেন ভারতের গবেষকরা। পুনেভিত্তিক ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির (এনআইভি) এই গবেষণার খবর শনিবার দিয়েছে টাইমস অব ইন্ডিয়া। টিকাগ্রহণকারীদের সংক্রমণ এবং মৃত্যু নিয়ে কোভিড-১৯ মহামারিকালে এটাই ভারতে সবচেয়ে বড় গবেষণা বলে সংবাদপত্রটি জানিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের যে রাজ্যগুলোতে কম টিকা দেওয়া হয়েছে, সেখানে মৃত্যুর সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।
ভারতীয় গবেষকরা যেসব নমুনার জিনোম সিকোয়েন্সিয়ের ভিত্তিতে ফলাফল পেয়েছেন, তাতে করোনা ভাইরাসের আলফা, কাপ্পা, ডেলটার সঙ্গে ডেলটা প্লাস নমুনাও রয়েছে। প্রকাশিতব্য এই গবেষণাপত্রে বলা হয়েছে, ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মূল কারণ হচ্ছে ডেলটা, যে ধরনটি ২০২০ সালের অক্টোবরে ভারতের বিদর্ভে প্রথম শনাক্ত হয়েছিল। এনআইভির গবেষক ড. প্রজ্ঞা যাদব টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘গবেষণায় যে গুরুত্বপূর্ণ দিকটি আমরা দেখতে পেয়েছি, তা হলো মৃত্যু ঠেকাতে টিকা ৯৯ শতাংশ কার্যকারিতা দেখাচ্ছে, এমনকি তা অতিসংক্রমণশীল ডেলটার দাপটের মধ্যেই।’গবেষণার জন্য গত মার্চ থেকে জুনের মধ্যে মহারাষ্ট্র, কর্ণাটক, পশ্চিমবাংলা বিভিন্ন রাজ্য থেকে নমুনা সংগ্রহ করা হয়। এরপর সেসব নমুনার জিন বিশ্লেষণ করা হয়। ড. যাদব বলেন, ‘গবেষণায় দেখা গেছে, অধিকাংশই ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এদের মাত্র ৯ শতাংশকে হাসপাতালে চিকিত্সা নিতে হয়েছে। আর মৃত্যু হয়েছে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশের।’ এই গবেষণায় তুলনামূলক কম বয়সিদের গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণা চালানো ৪৪ শতাংশের বয়স ছিল ৩১ থেকে ৫৬ বছর বয়সি। আর ৬৫ শতাংশই পুরুষ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ৪ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও রয়টার্সের।