সুন্দরবনে নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা

সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে অভিযান চালিয়ে নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে বনবিভাগের সদস্যরা। শনিবার সকালে কদমতলা স্টেশন কর্মকর্তা কে এম আবু সাঈদের নেতৃত্বে বন সদস্যরা পশ্চিম সুন্দরবনের পালোকাটি এলাকা অভিযান চালিয়ে কাকড়াগুলো জব্দ করে। কদমতলা স্টেশন কর্মকর্তা কে. এম আবু সাঈদ জানান, নিষিদ্ধকালীন অবৈধভাবে কাঁকড়া আহরণের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় টের পেয়ে জেলেরা সুন্দরবনে পালিয়ে যায়। পরবর্তীতে বনবিভাগ কাঁকড়াগুলো কদমতল স্টেশনের আওতাধীন চুনকুড়ি নদীতে অবমুক্ত করে। সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান নৌকাসহ ২৫০ কেজি কাঁকড়া জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।