খাগড়াছড়িতে গাঁজার চাষ দুই নারী গ্রেফতার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে অবৈধভাবে গাঁজার চাষাবাদ ও উত্পাদনের দায়ে পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার সকালে সদর থানার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। এর আগে শুক্রবার দুই নারীকে গ্রেফতার করে পুলিশ। মামলার আসামিরা হলেন, বিটুসি চাকমা, রেন্টিনা চাকমা, অমলেন্দু চাকমা, চন্দ্রনাথ চাকমা ও অরুন চাকমা। দুই নারী বিটুসী চাকমা ও রেন্টিনা চাকমাকে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা সবাই একই পরিবারের সদস্য।  বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ বলেন, বাকি আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মামলার এজাহার থেকে জানা যায়, জেলার সদর উপজেলার ফুটবিল এলাকায় একটি বাড়ির আঙিনায় অবৈধ মাদক গাঁজার চাষাবাদ ও উত্পাদন করে আসছিল। শুক্রবার ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ৬ হাজারেরও বেশি গাঁজার চারা উদ্ধার করে বীজ ধ্বংস করে। এ সময় এর সঙ্গে জড়িত থাকার দায়ে দুই নারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশের এসআই উইলিয়াম চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে দুই নারীকে গ্রেফতার দেখিয়ে চিফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়।