জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
জীবননগর উপজেলাবাসী গত নয় দিন ধরে করোনা পরীক্ষার রিপোর্ট পাচ্ছেন না। কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব গত ৮ জুলাই থেকে রিপোর্ট দেওয়া বন্ধ করেছে। করোনা পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়ায় রোগীরা তাদের সঠিক চিকিত্সা করাতে ব্যর্থ হচ্ছেন। জীবননগর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত জানান, দ্বিতীয় ঢেউ শুরুর পর করোনা রোগীর পরীক্ষার সংখ্যা বৃদ্ধির কারণে বেশ কিছু দিন ধরে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে পরীক্ষার রিপোর্ট পেতে বিলম্ব হচ্ছে। এর মধ্যে গত এক সপ্তাহ ধরে কোনো রিপোর্টই পাওয়া যাচ্ছে না। এর আগে যে কয়টি রিপোর্ট পাওয়া গেছে তার রিমার্কে ‘ইনভেলিড’ লেখা এসেছে। আমার মনে হচ্ছে দেড়িতে পরীক্ষা করার কারণে এমনটি হচ্ছে। যার ফলে রোগীরা বিড়ম্বনায় পড়ছেন। যেহেতু আমরা রিপোর্ট পাচ্ছি না এ অবস্থায় রোগীদের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল কিংবা কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে করোনা পরীক্ষা করানোর জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। হাসপাতালের ইউএইচএফপিও ডা. সেলিমা আখতার জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাব হতে গত ৮ জুলাই থেকে রিপোর্ট আসা বন্ধ রয়েছে। বিষয়টি চুয়াডাঙ্গা সিভিল সার্জনকে জানানো হয়েছে। এ প্রসঙ্গে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান জানান, কুষ্টিয়া পিসিআর ল্যাবে জটিলতার সৃষ্টি হয়েছে। যার কারণে করোনা টেস্টের রিপোর্ট পেন্ডিং রয়েছে। কী কারণে এ জটিলতা, তা দেখা হচ্ছে।