বিশেষ প্রতিনিধি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় নতুন কাপড়ের বান্ডিলে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের অভিযোগে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বিমানবন্দর এলাকার গোলচত্বরের ফুটওভার ব্রিজ থেকে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাকে গ্রেফতার করে র্যাবের একটি দল। গ্রেফতারকৃত ব্যক্তির নাম বাবু শেখ।
র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, এক ব্যক্তি কাপড়ের বান্ডিলের ভেতরে ইয়াবা নিয়ে পাবলিক বাসে করে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে তাদের একটি দল বিমানবন্দর এলাকায় অভিযান চালায়। যাত্রীবাহী বাসের ভেতর থেকে বাবু শেখকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় নতুন কাপড়ের বান্ডিল তল্লাশি করে ১৯ হাজার ৩৭৫ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোনসেট ও ৩ হাজার ৯৪০ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাবু শেখ পেশাদার মাদক কারবারি।