পরিবর্তিত পরিস্থিতিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স অতিক্রম করেছে সাতটি বছর। ১৭ জুলাই ২০১৪ তারিখে ইউএস-বাংলা এয়ারলাইন্স দুটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-যশোর রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন শিল্পে যাত্রা শুরু করে। প্রথম এক বছরের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে সব বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করে স্বল্পতম সময়ে আকাশপথের যোগাযোগ ব্যবস্থাকে সূদৃঢ় করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ৮ম বর্ষে পদার্পণ বিষয়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন বলেন, প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যে কোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত। বর্তমান বিশ্বে যাত্রীদের সঠিক সেবা প্রদান করার জন্য ব্র্যান্ডনিউ এয়ারক্রাফটের কোনো বিকল্প নেই। ইউএস-বাংলা যাত্রীদের আরামদায়ক সেবাকে নিশ্চিত করার লক্ষ্যেই প্রতিনিয়ত নতুন নতুন এয়ারক্রাফট বহরে যুক্ত করে চলেছে।
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ১৪টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে ১৬৪ আসনের চারটি বোয়িং ৭৩৭-৮০০, ৭২ আসনের সাতটি এটিআর ৭২-৬০০ এবং ৭৬ আসনের তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট রয়েছে। ইউএস-বাংলার আন্তর্জাতিক রুটগুলোর মধ্যে রয়েছে কলকাতা, চেন্নাই, মাস্কাট, দোহা, দুবাই, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও গুয়াংজু। নিকট ভবিষ্যতে আবুধাবী, জেদ্দা, রিয়াদ, দাম্মাম, কলম্বো, মালে, দিল্লি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।- প্রেস বিজ্ঞপ্তি