সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে সোনালী লাইফ ইনসিওরেন্স

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি সোনালী লাইফ ইনসিওরেন্সের শেয়ারের দাম বেড়েছে। বিনিয়োগকারীদের অগ্রহ বেশি থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ি সপ্তাহের আগের সপ্তাহ শেষে সোনালী লাইফ ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দাম ছিল ১৬ টাকা। আর বিদায়ি সপ্তাহের শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দাম বেড়ে দাঁড়ায় ৭৫ দশমিক ৮০ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৫৯ দশমিক ৮০ টাকা বা ৩৭৩ দশমিক ৭৫ শতাংশ।

এদিকে ডিএসইর সাপ্তাহিক দাম বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডগুলোর মধ্যে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ২৭ দশমিক ৪৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ২৫ দশমিক ৪৫ শতাংশ, বেঙ্গল উইন্ডসোরের ২৪ দশমিক ৬৮ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ২৩ দশমিক ০৫ শতাংশ, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ২০ দশমিক ৭৫ শতাংশ, জিকিউ বলপেনের ১৯ দশমিক ৭৬ শতাংশ, রহিম টেক্সটাইলের ১৮ দশমিক ৫৭ শতাংশ, এএফসি এগ্রোর ১৬ দশমিক ৯০ শতাংশ এবং এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ১৫ দশমিক ৩৮ শতাংশ ইউনিটের দাম বেড়েছে।