সেন্টমার্টিনে দুস্থ ও অসহায়দের মধ্যে নৌবাহিনীর ঈদ উপহার বিতরণ

ইত্তেফাক রিপোর্ট

করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সেন্টমার্টিনে স্থানীয় দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ঈদ উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। গতকাল শনিবার কমান্ডার বিএন ফ্লিটের অধীনে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা স্বাধীনতা সেন্টমার্টিন দ্বীপের স্থানীয় দুস্থ ও অসহায় ৪০০ পরিবারের মধ্যে ঈদের পোশাক ও খাদ্যসহায়তা প্রদান করে।

এ সময় ঈদ উপহারসামগ্রী হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি এবং বাচ্চাদের পোশাক বিতরণ করা হয়। খাদ্যসহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে সেমাই, চিনি, গুড়া ও দুধ প্রদান করা হয়। উল্লে­খ্য, দেশের এই সংকটময় পরিস্থিতি মোকাবিলায় প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করে আসছে এবং পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। —আইএসপিআর