চট্টগ্রাম অফিস
রপ্তানিমুখী শিল্প, নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের উত্পাদন ও বিপণন কার্যক্রমকে আরোপিত বিধিনিষেধের আওতামুক্ত রাখতে আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম। তিনি গতকাল শনিবার এক বিবৃতিতে ক্রমবর্ধমান করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তাররোধে সরকারের লকডাউন পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, লকডাউন চলাকালীন দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডকে কিছুটা স্বাভাবিক রাখতে ভোগ্যপণ্যের চাহিদাপূরণ, সংকটরোধসহ বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে পণ্যের উত্পাদন ও বিপণনকে বিধিনিষেধের আওতামুক্ত রাখা প্রয়োজন।
চেম্বার সভাপতি আরো বলেন, সরকারঘোষিত বিধিনিষেধ দেশের করোনা সংক্রমণ রোধে সর্বাত্মকভাবে মেনে চলা প্রয়োজন। তারপরও এই সংকটকালে দেশের অর্থনীতিকে সচল রাখার স্বার্থে সংক্রমণ প্রতিরোধী কৌশল অবলম্বন করে অত্যাবশ্যকীয় পণ্যের উত্পাদন বিপণন যাতে সচল রাখা যায়, এ ব্যাপারে বিজ্ঞানভিত্তিক চিন্তা করতে হবে। তা দেশের অর্থনীতির স্বার্থে জরুরি।