রাবির উপাচার্য পদ শূন্য দায়িত্ব নিলেন নতুন উপ-উপাচার্য

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল শনিবার রাবির শহিদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপ-উপাচার্যের দপ্তরকক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে দায়িত্ব গ্রহণ করেন তিনি। অন্যদিকে গতকাল থেকে শূন্য হয়েছে উপাচার্যের পদ। গত শুক্রবার সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহার শেষ কর্মদিবস ছিল। এর আগে গত ৬ মে সাবেক উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান মেয়াদ পূর্ণ করেন। ঐদিনই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহাকে রাবি উপাচার্যের রুটিন দায়িত্ব প্রদান করা হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম বলেন, উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা এতদিন উপাচার্যের রুটিন দায়িত্বে ছিলেন। তিনি উপ-উপাচার্যের মেয়াদ পূর্ণ করে বিদায় নিয়েছেন। তার বিদায়ের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদও শূন্য হয়েছে। এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আজিজুর রহমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অধ্যাপক আনন্দ কুমার সাহা তার নিজ বিভাগে (প্রাণীবিজ্ঞান বিভাগ) শিক্ষক হিসেবে যোগদান করবেন। এরপর উপ-উপাচার্য বঙ্গবন্ধু হলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি, কেন্দ্রীয় শহিদ মিনারে মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি, শহিদ ড. জোহার মাজারে, রাবি বধ্যভূমি স্মৃতিসৌধে এবং শহিদ জাতীয় চারনেতার অন্যতম এএইচএম কামারুজ্জামান হেনার মাজারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।