যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন—সোশ্যাল মিডিয়ায় কোভিড-১৯ সংক্রান্ত ভুল তথ্য ছড়ানোর ফলে ‘মানুষ হত্যা’ করা হচ্ছে।
ভ্যাকসিন ও মহামারি নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ফেসবুকের মতো প্ল্যাটফরমের ভূমিকা নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বাইডেন। ভুল তথ্য ও গুজব ছড়ানো বন্ধ করতে সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলোর ওপর সম্প্রতি ব্যাপক চাপের মধ্যে রেখেছে হোয়াইট হাউজ। ফেসবুক বলেছে তারা জনস্বাস্থ্য রক্ষায় ‘আগ্রাসি পদক্ষেপ’ নিচ্ছে।
শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘তারা মানুষ হত্যা করছে। যারা টিকা দেয়নি, শুধু তাদের মধ্যেই এখন মহামারি বিরাজমান।’ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করেছে যে, দেশটিতে সম্প্রতি কোভিড-১৯ এ মৃত্যু ও সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার প্রভাব দেখা গেছে শুধু টিকা দেয়নি, এরকম কমিউনিটিগুলোতে। শুক্রবার হোয়াইট হাউজ প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফরম গুজব মোকাবিলায় যথেষ্ট ভূমিকা রাখছে না। তিনি বলেন, কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এটাও পরিষ্কার, আরো পদক্ষেপ নেওয়া সম্ভব। এদিকে, ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, তাদের প্রতিষ্ঠান ‘প্রমাণ নেই, এমন অভিযোগের কারণে বিভ্রান্ত হবে না।’ আলাদা একটি বিবৃতিতে ফেসবুক বলেছে, ‘আমরা কোভিড সংক্রান্ত ১ কোটি ৮০ লাখ ভুয়া তথ্য এবং ক্রমাগত নিয়ম ভেঙ্গেছে এমন বেশকিছু অ্যাকাউন্ট অপসারণ করেছি।’
কন্টেন্ট নিয়ন্ত্রণ করা নিয়ে ফেসবুক সম্প্রতি ব্যাপক সমালোচনার শিকার হয়েছে। তবে মহামারি নিয়ে ভুয়া কনটেনট এখনো ব্যাপকভাবে লক্ষ করা যায় প্ল্যাটফরমটিতে। মার্চে এক প্রতিবেদনে উঠে আসে—ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও টুইটারে ভ্যাকসিন-বিরোধী অ্যাক্টিভিস্টদের প্রায় ৬ কোটি ফলোয়ার রয়েছেন। টিকা নেওয়ার জন্য যোগ্য যুক্তরাষ্ট্রে এমন অনেকেই টিকা নিতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাদের বক্তব্য, টিকার ওপর তাদের ভরসা নেই।