মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাতের পর আকস্মিক দিল্লি সফরে গেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গতকাল শনিবার সকালে বিমানে দিল্লির উদ্দেশে কলকাতা ছাড়েন তিনি। সাধারণত নিজের কর্মকাণ্ডের কথা টুইটারে তুলে ধরেন রাজ্যপাল। কিন্তু শনিবারের দিল্লি সফর নিয়ে আগেভাগে কিছুই বলেননি তিনি। এমনকি তার সফরসূচিও জানা যায়নি। এ কারণে তার দিল্লি সফর নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী ‘সহিংসতা’ নিয়ে ধারাবাহিকভাবে অভিযোগ জানিয়ে আসছেন রাজ্যপাল। এই বিষয়টিকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন প্রান্তে সফরও করেন তিনি। তা নিয়ে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাতের পরিবেশও তৈরি হয়। এই পরিস্থিতির মধ্যেই গত বুধবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা। রাজ্যপালের সঙ্গে প্রায় দুই ঘণ্টা একান্তে বৈঠক হয় তার। রাজ্যপালের সঙ্গে মমতার কী নিয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সেই সাক্ষাতের পরেই নতুন বিতর্ক তৈরি হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্টে। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর সাক্ষাতের পর দিন, কলকাতা হাইকোর্টে পেশ করা ঐ রিপোর্টে রাজ্যের পুলিশ, প্রশাসনের বিরুদ্ধে কড়া ভাষায় মন্তব্য করা হয়েছে। এছাড়া কয়েকটি সুপারিশও করা হয়েছে।
তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর এ মাসেই প্রথম দিল্লি যাওয়ার কথা মমতার। তার আগেই আচমকা ধনকড়ের দিল্লি সফর অত্যন্ত ‘তাত্পর্যপূর্ণ’ বলেই মনে করা হচ্ছে।