দেশের ৪৫ জেলায় দলীয় কার্যালয়ে করোনা হেলপ সেন্টার খুলেছে বিএনপি। গত শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির করোনা ভাইরাস সংক্রমণ পর্যবেক্ষণ কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এ তথ্য জানিয়ে বলেন, সারা দেশে স্বাস্থ্যব্যবস্থা একেবারে হ-য-ব-র-ল অবস্থার মধ্যে আছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, দলের পক্ষ থেকে জনগণকে স্বাস্থ্যসেবা দেব। আমরা প্রতিটা জেলায় দলের কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস অ্যাসোসিয়েশন-ড্যাবের সহযোগিতায় করোনা হেলপ সেন্টার খুলেছি। এ পর্যন্ত আমরা ৪৫টি জেলায় সেন্টার খুলে ফেলেছি। টুকু বলেন, সব মিলিয়ে আমাদের ৫৩টা হয়ে যাবে। আশা করি ঈদের আগেই ৬৪ জেলায় শেষ করতে পারব। দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে আমরা জনগণের পাশে থাকব। সংবাদ সম্মেলনে বলা হয়, জেলার হেলপ সেন্টারগুলো থেকে অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন বাসায় পৌঁছানোর ব্যবস্থাও থাকবে। পাশাপাশি বিভিন্ন অ্যাপের মাধ্যমে জনগণকে পরামর্শ সেবা এবং ওষুধ সরবরাহ করা হবে।