ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে মোদিকে চিঠি

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের কোচবিহারের বিজেপির এমপি নিশীথ প্রামাণিক বাংলাদেশের গাইবান্ধার বাসিন্দা কি না—এই প্রশ্নে উত্তাল ভারতের রাজনীতি। এ নিয়ে প্রশ্ন তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন জাতীয় কংগ্রেসের আসাম থেকে মনোনীত রাজ্যসভার এমপি রীপুন বোরা। তিনি তদন্তেরও দাবি তোলেন। এ নিয়ে টুইট করেছেন তিনি।

রীপুনের পোস্টের সূত্র ধরে এ নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং ব্রাত্য বসুও। তারা রীপুনের চিঠি রিপোস্ট করে বলেছেন, কোনো বিদেশি নাগরিক ভারতের মন্ত্রী হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে।

বরাক বাংলা, রিপাবলিক টিভি ত্রিপুরা, ইন্ডিয়া টুডে, বিজনেস স্ট্যান্ডার্ডের খবরকে সূত্র উল্লেখ করে রীপুন বোরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে বলেছেন, ‘নিশীথ প্রামাণিক আসলে বাংলাদেশের পলাশবাড়ীর হরিনাথপুরের বাসিন্দা। তিনি ভারতে এসেছিলেন কম্পিউটার কোর্স করার নামে। তারপর ভারতেই থেকে যান। প্রথমে তৃণমূল কংগ্রেসে এবং পরে বিজেপিতে যোগ দিয়ে এমপি হন।’ রীপুণ বোরার দাবি, নিশীথ যে নথি দেখিয়ে নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করেছেন, সেই নথি আসলে জাল।

যদিও বিজেপির দাবি, কুত্সা না করে যদি কোনো প্রমাণ থাকে, তাহলে তা দিক তৃণমূল। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘এই অভিযোগের কোনো বাস্তবতা নেই। দরকার হলে এটা নিয়ে তৃণমূল আদালতে যাক। আর তর্কের খাতিরে অভিযোগ মেনে নিলেও নিশীথ হিন্দু এটা ঠিক। বিজেপি মনে করে, সব হিন্দুই ভারতীয়।’