গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শনিবারও সড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গতকাল শনিবারও দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষুব্ধ পোশাকশ্রমিকেরা এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১১ ঘণ্টা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের উভয় দিকে দিনভর আটকে থাকে শতাধিক যানবাহন। গত কয়েক দিন ধরে পোশাককর্মীরা পর্যায়ক্রমে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা শহরে প্রবেশের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়কটি অবরোধ করে রাখায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। চরম ভোগান্তি পোহাচ্ছে রোগী, ব্যবসায়ী, যাত্রীসহ সাধারণ মানুষ।

বিকেলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক ঐ এলাকা অতিক্রমকালে আন্দোলনরতরা তার গাড়ি থামিয়ে বিষয়টি জানান। এ সময় মন্ত্রী তাদের আশ্বাস দেন। প্রায় ১১ ঘণ্টা পর সন্ধ্যা ৭টার দিকে আন্দোলনরতরা সড়কের অবরোধ তুলে নিয়ে এলাকা ত্যাগ করলে ওই সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধর জানান, লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা শনিবার সকালে কারখানার গেটে এসে জড়ো হয়ে কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা তিন বছরের বকেয়া পাওনা পরিশোধসহ নানা দাবিতে বিক্ষোভ করতে থাকেন। ঢাকা-জয়দেবপুর সড়কের ওপর অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়কের ওপর থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা অবরোধ তুলে নেননি। ফলে সড়কের উভয় দিকে অ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন আটকা পড়ে।

আন্দোলনরতরা জানান, কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পাওনা পরিশোধে একাধিকবার তারিখ ঘোষণা করলেও পরিশোধ করেনি। এতে ক্ষুব্ধ কারখানার কর্মকর্তা-কর্মচারীরা ৬ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছেন।