চীন থেকে কেনা সিনোফার্মের কোভিড টিকার দ্বিতীয় চালানের মধ্যে ১০ লাখ ডোজ দেশে পৌঁছেছে। গতকাল
শনিবার রাত পৌনে বারোটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। স্বাস্থ্য সেবা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। সেখান থেকে টিকাগুলো ইপিআই স্টোরেজে পাঠানো হবে। এছাড়া রাত তিনটার আরেকটি ফ্লাইটে আরও ১০ লাখ ডোজ আসার কথা রয়েছে।
চীন থেকে দেড় কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে চুক্তি হয়েছে উভয় দেশের মধ্যে। চীন থেকে কেনা টিকার প্রথম চালান গত ৩ জুলাই রাতে ঢাকায় পৌঁছায়। পরদিন সকালে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে আসে। এর বাইরে দুদফায় উপহার হিসেবে একই টিকার ১১ লাখ ডোজ পেয়েছে বাংলাদেশ। শনিবারের ১০ লাখ ডোজ নিয়ে এ পর্যন্ত ৪১ লাখ ডোজ সিনোফার্মের টিকা এসেছে বাংলাদেশে।