টেকেরহাটে মাংস কাটার কাঠের বিক্রি বেড়েছে

টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা

কোরবানির ঈদে মাংস কাটার জন্য ব্যবহার করা হয় কাঠের গোল খণ্ড। বর্তমানে টেকেরহাট বন্দরসহ বিভিন্ন স্থানে তেঁতুল গাছের গোল খণ্ডের বিক্রি বেড়েছে। টেকেরহাটে মাংস কাটার গোল কাঠ ব্যবসায়ী ওমর আলী জানান, প্রকারভেদে প্রতিটি গোল কাঠের খণ্ডের মূল্য ২০০-৪০০ টাকা। গ্রাম এলাকায় এখন তেঁতুল গাছ আগের মতো পাওয়া যায় না। এজন্য প্রতি বছরই এই কাঠের দাম বাড়ছে। কোরবানি ঈদের আগে এসব গোল কাঠের কদর বাড়ে। বিক্রিও হয় ভালো। এক সময় এই উপজেলার প্রতিটি গ্রামে প্রচুর তেতুল গাছ ছিল। কিন্তু এর চাহিদা বৃদ্ধির কারণে গাছ কাটতে কাটতে এখন তেতুল গাছ প্রায় নেই বললেই চলে।