বুড়িমারী স্থলবন্দরে ছয় দিনের ছুটি ঘোষণা

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ঈদুল আজহায় ছয় দিন বন্ধ থাকছে। আজ সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ব্যাপারে স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতি একটি চিঠি ইস্যু করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ নেওয়াজ নিশাত। বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল বলেন, পবিত্র ঈদুল আজহায় বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত মোতাবেক এ স্থলবন্দর ছয় দিন বন্ধ থাকবে। আগামী ২৫ জুলাই থেকে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ বিষয়ক কার্যক্রম পুনরায় চালু করা হবে। বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা উপ-পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক অভিবাসন চৌকি (ইমিগ্রেশন) দিয়ে উপ-হাইকমিশনের এনওসি ও করোনা নেগেটিভ সনদ নিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।  বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারী কমিশনার (এসি) কেফায়েত উল্যাহ মজুমদার বলেন, আমদানি-রপ্তানিতে নিয়োজিত ব্যবসায়ী, ব্যাংক, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট কর্মচারী ও শ্রমিকরা কাজ বন্ধ রাখলে কাস্টমস্ ও স্থলবন্দরের কাজ থাকে না। তবে, কাস্টমস্ কার্যালয় খোলা থাকবে।