ইত্তেফাক রিপোর্ট
দেশব্যাপী স্বাস্থ্য সুরক্ষা ও চিকিত্সাসামগ্রী বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিত্সাসামগ্রী হস্তান্তর করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। গতকাল মতিঝিলে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের নিকট এসব সামগ্রী তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, এফবিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, মো. আমিন হেলালী, মো. হাবিব উল্লাহ ডনসহ অন্য পরিচালকবৃন্দ। দেশের ক্রান্তিকালে ডিএনসিসিকে এসব স্বাস্থ্য সুরক্ষা ও চিকিত্সাসামগ্রী উপহার দেওয়ায় এফবিসিসিআই সভাপতিকে আন্তরিক ধন্যবাদ জানান মেয়র আতিকুল ইসলাম। পাশাপাশি ব্যবসায়ী মহলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এফবিসিসিআই সভাপতি বলেন, আমরা লক্ষ্য করেছি হাসপাতালগুলোতে চিকিত্সাসামগ্রীর অভাব রয়েছে। এজন্য সারা দেশে ১ কোটি মাস্ক, ২০০০ অক্সিজেন সিলিন্ডার, ২০০ হাইফ্লো ন্যাজেল ক্যানোলা, ২০০ অক্সিজেন কন্সেন্ট্রেটর আমরা ধাপে ধাপে বিতরণ করছি।