ইত্তেফাক রিপোর্ট
আসন্ন ঈদুল আজহার ছুটিতে সীমিত পরিসরে খোলা থাকবে শুল্ক স্টেশন ও কাস্টমস হাউজ। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে সব কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশনগুলোকে সীমিত আকারে খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
ফলে ঈদুল আজহার বন্ধের সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম চালানো যাবে। আগামী বুধবার ঈদুল আজহা। মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ঈদের ছুটি। অর্থাত্ এই তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালনা করা যাবে।
এনবিআরের নির্দেশনায় বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনা ও বাণিজ্যবান্ধব রাজস্ব পরিবেশ নিশ্চিত করতে ঈদের ছুটির মধ্যে অফিসগুলো খোলা রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে।
গত ৩০ জুন পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ ঈদের ছুটিতে কাস্টমস হাউজ ও শুল্ক স্টেশন খোলার অনুরোধ করে এনবিআরকে চিঠি পাঠায়।
প্রসঙ্গত, দেশের চট্টগ্রাম বন্দর দিয়েই সিংহভাগ আমদানি-রপ্তানি হয়। এরপরেই বেনাপোল কাস্টমস হাউজ দিয়ে বেশি আমদানি-রপ্তানি কার্যক্রম হয়। ঈদের বন্ধের সময় এই দুটি কাস্টমস হাউজের পাশাপাশি ঢাকা, মোংলা, কমলাপুর আইসিডি ও পানগাঁও কাস্টমসও খোলা থাকবে।