কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জের কদমতলী এলাকায় চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক বাসচালক। ঘটনাটি ঘটে শনিবার রাত ৮টার দিকে। জানা গেছে, নগর পরিবহনের চালক সাগরের কাছে দুর্বৃত্তরা চাঁদা দাবি করে। তা না দেওয়ায় চাঁদাবাজরা ঘটনার রাতে চালক সাগরকে এলাকার বাসস্ট্যান্ডে আটক করে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা তার পেটে ছুরিকাঘাত করে।
এ সময় সাগরের চিত্কারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার শেষে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। চিকিত্সার ১৬ ঘণ্টা পরে গতকাল রবিবার দুপুরে তিনি মারা যান।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, নিহত সাগর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া হিজলতলা এলাকার জমির আলীর ছেলে।
পুলিশ গতকাল দুপুরে হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ মর্গে পাঠিয়েছে। পুলিশ হত্যাকারী ও স্ট্যান্ডের চাঁদাবাজদের আটক করতে বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গতকাল বিকালে মামলা দায়ের হয়েছে।