রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। বড়াইগ্রামে বিয়ের পরদিন ট্রাক চাপায় এক স্কুল শিক্ষকসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আরো ছয় জনের মৃত্যু হয়েছে। গত শনিবার ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। ব্যুরো, স্টাফ, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
স্টাফ রিপোর্টার, রংপুর ও মিঠাপুকুর সংবাদদাতা :মিঠাপুকুরে ওভারটেক করতে গিয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নিহত শিশুর মা-সহ দুজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর মোস্তফা কোল্ড স্টোরেজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
বড়াইগ্রাম (নাটোর) :বড়াইগ্রামে বিয়ের পর দিন শ্বশুর-শাশুড়িকে বাসে তুলে দিয়ে ফেরার পথে ট্রাকের চাপায় শাহীদুজ্জামান সুমন (৩২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন।
গৌরনদী (বরিশাল) :পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলচালক শফিকুল ইসলাম হাওলাদার (৩৮) নিহত হয়েছেন। গতকাল বরিশাল-ঢাকা মহাসড়কের আশোকাঠী ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।
যশোর :গতকাল শহরের আরবপুর দীঘিরপাড়ে ট্রাক-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত এবং ৯ জন আহত হন।
চাঁপাইনবাবগঞ্জ :ছেলের সঙ্গে মোটরসাইকেল আরোহী মা রোজিনা আক্তার (৫৬) ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন।
আগৈলঝাড়া (বরিশাল) :গতকাল উপজেলার চেঙ্গুটিয়া গ্রামে রাস্তা পারাপারের সময় হারুন অর রশিদের ছেলে তাহসিন (৩) অটোভ্যানের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার ওপর ছিটকে আহত হয়।