দেশে এসেছে চীন থেকে কেনা সিনোফার্মের করোনা টিকার আরো ২০ লাখ ডোজ। গত শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে প্রথম চালানে ১০ লাখ ডোজ ও মধ্যরাত ৩টায় দ্বিতীয় চালানে আরো ১০ লাখ ডোজ টিকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ডা. শামসুল হক ও ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডা. মাওলা বক্সসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে সিনোফার্মের করোনা টিকা গ্রহণ করেন। এর আগে প্রথম দফায় চীন থেকে ক্রয়কৃত সিনোফার্মের ২০ লাখ ডোজ করোনা টিকা এসেছিল।
এছাড়া চীন থেকে দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ করোনা টিকা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। উপহার হিসেবে আরো ১০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। গত শুক্রবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান।
এদিকে আজ সোমবার যুক্তরাষ্ট্র থেকে আরো ৩০ লাখ ডোজ মডার্নার টিকা আসছে। গত শনিবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এক টুইট বার্তায় জানান, কোভ্যাক্সের আওতায় এই টিকা আসছে। যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে এই টিকা পাঠানো হচ্ছে। এর আগে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ২৫ লাখ টিকা এসেছে। আজ সন্ধ্যায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে এই টিকা গ্রহণ করবেন।