ভারতের মুম্বাইয়ে একটানা বৃষ্টিতে বন্যায় সৃষ্ট ভূমিধসে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। বিপর্যস্ত মুম্বাইয়ের জনজীবন। শনিবার গভীর রাত থেকে গতকাল ভোর পর্যন্ত বেশ কয়েক ঘণ্টা মুম্বাই শহর ও শহরতলিতে বজ্রপাতসহ বৃষ্টি হয়। এতেই ভেঙে পড়ে মেহুলের নিউ ভারত নগরের একটি বাড়ির দেওয়াল। এই ঘটনায় ছয় জনের প্রাণ গেছে। এর মধ্যে অনেকে আটকা পড়েছেন বলে ধারণা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের
মুম্বাইয়ের পূর্ব ভিকরোলির সূর্যনগরে বেশ কয়েকটি কুঁড়েঘর ভেঙে নিহত হয়েছেন তিন জন। শর্ট সার্কিটের ঘটনা মৃত্যু হয়েছে বাকিদের। ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা উদ্ধারকাজ শুরু করেন। ঐ দলের এক উদ্ধারকারী বলেছেন, প্রচণ্ড বৃষ্টিতে ধস নেমেছে। পাহাড়ের পাদদেশে অবস্থিত ১৫-২০টি কুঁড়েঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ধ্বংসস্তূপে ১৫ জনের বেশি আটকে থাকতে পারে।
রাতভর বৃষ্টির জেরে গতকাল ভোর থেকেই পানির তলায় চুনাভাট্টি, দাদার, গান্ধী মার্কেট, চেম্বুর ও কুরলা এলবিএস রোড। চেম্বুরে ১৯ জনের মৃত্যু হয়েছে। মিঠি নদীসংলগ্ন এলাকা থেকে বহু বাসিন্দাকে সরাতে হয়েছে। বিভিন্ন স্টেশনে পানি জমে যাওয়ায় ব্যাহত ট্রেন পরিষেবাও। আরো বৃষ্টি হবে মুম্বাই ও সংলগ্ন এলাকায়। পূর্বভাস ভারতীয় আবহাওয়া বিভাগের।