পাকিস্তানে আফগানিস্তানের রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়েকে অজ্ঞাত হামলাকারীরা অপহরণের পর মারধর করে ছেড়ে দিয়েছে। শুক্রবার ইসলামাবাদে এই ঘটনা ঘটে। রাষ্ট্রদূতের মেয়ে সিলসিলা আলিখিলকে অপহরণের পর কয়েক ঘণ্টা আটকে রাখা হয়। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তাকে ‘মারাত্মক নির্যাতন’ করা হয়েছে এবং এ ব্যাপারে তারা একটি অভিযোগ দায়ের করছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, প্রতিবেশী দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, প্রায় ২০ বছর বয়সি সিলসিলা আলিখিল একটি গাড়িতে চড়ে যাচ্ছিলেন, এ সময় একদল অজ্ঞাত হামলাকারী তার গাড়িতে উঠে পড়ে এবং তাকে মারতে শুরু করে। মুক্তি পাওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। এটিকে ‘অমানবিক হামলা বলে বর্ণনা করেছেন রাষ্ট্রদূত নাজিব আলিখিল। তিনি জানিয়েছেন, তার মেয়ে এখন ভালো বোধ করছেন।
এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তারা পাকিস্তানের প্রতি কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে। রাষ্ট্রদূতের নিরাপত্তা কড়াকড়ি করা হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেইখ রশিদ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী ইমরান খান দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেফতার চান।
প্রসঙ্গত, আফগানিস্তানে সহিংসতা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছিল। আফগান সরকারের অভিযোগ, তালেবানদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে পাকিস্তান।