বকেয়া বেতনের দাবি

গাজীপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ১৩

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে গতকাল রবিবারও কর্মবিরতি পালন ও বিক্ষোভ করেছে স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা। তারা সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রাখে। এতে যানবাহন চলাচল বন্ধ থাকে। বিকাল ৫টার দিকে পুলিশ বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। সংঘর্ষে কয়েক জন পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধর জানান,  লক্ষীপুরা এলাকায় অবস্থিত স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা রবিবার সকাল ৮টার দিকে কারখানার গেটে এসে জড়ো হয়ে ৬ষ্ঠ দিনের মতো কর্মবিরতি শুরু করে। এসময় তারা তিন বছরের বকেয়া বেতন পরিশোধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে থাকে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার সামনে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে শিল্প ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা অবরোধ তুলে নেয়নি। ফলে অবরোধের কারণে সড়কের উভয় দিকে সব প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ ফের বিক্ষোভকারীদের ঐ সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তারা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে গেলে বিকাল ৫টার দিকে যানচলাচল স্বাভাবিক হয়।

জিএমপির উপ-পুলিশ কমিশনার জাকির হাসান জানান, শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের ব্যাপারে ঢাকায় বিজিএমইএর সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা হচ্ছে। অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে তিনি আশা করছেন। এ ঘটনায় কারখানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।