বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি ও সচিব এ ওয়াই বি আই সিদ্দিকী আর নেই। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শনিবার রাত ১টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম। এ ওয়াই বি আই সিদ্দিকী বাংলাদেশের প্রথম সিভিল পিসকিপিং কন্টিনজেন্টের কমান্ডার ছিলেন।
গতকার রবিবার সকাল সাড়ে ১০টায় রাজারবাগ পুলিশ লাইনসে শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে সিদ্দিকীর জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তার রুহের মাগফিরাত কামনা ও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ। উপস্থিত ছিলেন বর্তমান ও সাবেক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। জানাজা শেষে একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে অফিশিয়াল ফিউনারেল প্রদান করে।
পরে মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন আইজিপি বেনজীর আহমেদ, ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।
এরপর দাফনের জন্য যথাযথ পুলিশ প্রহরায় সিদ্দিকীর মরদেহ তার গ্রামের বাড়ি সীতাকুণ্ডে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে বাদ আসর দক্ষিণ রহমতনগর মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সিদ্দিকী ১৯৪৫ সালে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭০ সালে এএসপি হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন। আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেন ২৭ সেপ্টেম্বর ১৯৯৮ থেকে ৭ জুন ২০০০ সাল পর্যন্ত।
আইজিপির শোক
সিদ্দিকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।