কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৮ টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ১১ জন করোনা শনাক্ত রোগী ও উপসর্গে ৩ জন মারা যান।
হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম এ তথ্য নিশ্চিত করেন। এনিয়ে জেলায় করোনা শনাক্ত রোগী ও উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২৫ জন।
হাসপাতাল সূত্র জানায়, কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় জেলায় ৭২১টি নমুনা পরীক্ষায় ২০৪ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৮ দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ হাজার ১৭১ জন। শনাক্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮৪৭ জন। এদিকে সোমবার সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে করোনা শনাক্ত রোগী ২৫৩ জন ও উপসর্গ নিয়ে আইসোলেশনে ৭০ জন ভর্তি ছিল।
সিভিল সার্জন ডাক্তার এইচএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় করোনা সংক্রমণ এখনো ঊর্ধ্বগতি। সংক্রমণ রোধ ও মৃত্যু হার কমিয়ে আনতে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অনুসরণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
ইত্তেফাক/এএএম