অমির পরিচালনায় ফারিন

নিয়মিত কাজের বাইরে উত্সবের সময় কাজের পরিমাণ ও পরিধি বাড়ে তারকাদের। প্রায় সবাইকেই একাধিক নাটককে দেখা মেলে। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে বেশ কয়েকটি নাটক ও টেলিফিল্ম প্রচার হবে তাসনিয়া ফারিনের। এর মাঝে আগামীকাল ২টা ১০ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে ফারিন অভিনীত টেলিফিল্ম ‘আপন’। টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। ফারিন ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন আফরান নিশো, তারিক আনাম খান, জিয়াউল হক পলাশ, মনিরা মিঠু, শামীমা নাজনীন, মো. সাইদুর রহমান পাভেলসহ অনেকে।

নাটকটির গল্পে দেখা যাবে, আফজাল সাহেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার একমাত্র ছেলে আদনান। তিনি ছোট থাকতেই তার মা মারা যান। ছেলের ভবিষ্যতের কথা ভেবে আফজাল আর দ্বিতীয় বিয়ে করেননি। এখন ছেলে অনেক বড় হয়েছে, একটি গার্মেন্টসে মার্চেন্টাইজার হিসেবে চাকরি করে। আদনানের কলিগ সেওতির সঙ্গে আদনানের অনেকদিনের সম্পর্ক। দু’জন দু’জনকে বিয়ে করবে। সেওতি আদনানকে বিয়ের জন্য চাপ দিলেও আদনান তার বাবার কাছে ভয়ে নিজের বিয়ের কথা কোনোভাবেই বলতে পারে না। এভাবেই চলতে থাকে তাদের দিনকাল।

একদিন বাবা-ছেলের আড্ডায় আফজাল সাহেব তার ছেলেকে বলে বসেন উনি বিয়ে করতে চান, তার পছন্দের পাত্রী জাহানারাকে। বাবার বিয়ের কথা শোনার পর আদনানের সবকিছু পাল্টে যায়। আদনান বাবাকে বিয়ে না করার জন্য বোঝাতে তার আন্টি ও কাজিন আসিফকে বাসায় আনে।