ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’

দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো ঈদুল আজহা উপলক্ষে নির্মাণ করেছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। গত প্রায় দেড়যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে এই অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে এটিএন বাংলায়। এবারের অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন রাত ১০টা ৩০ মিনিটে। ভিন্ন আঙ্গিকের উপস্থাপনায় রকমারি আয়োজন নিয়ে সাজানো হয়েছে ঈদের বিশেষ ‘পাঁচফোড়ন’। এবারের পাঁচফোড়নেও দুই বন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয় তারকা মীর সাব্বির ও সাজু খাদেম। এবারে গান থাকছে দুটি। হাসন রাজার একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে গেয়েছেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী। একটি দ্বৈত সংগীত গেয়েছেন শিল্পী কমল ও তানজিনা রুমা। গানটির কথা লিখেছেন গীতিকবি মনিরুজ্জামান পলাশ, সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। ঢাকা ও ঢাকার আশেপাশে মনোরম লোকেশনে গানগুলোর চিত্রায়ণ করা হয়েছে। রয়েছে জাদুকর ম্যাজিক রাজিকের পরিবেশনায় একটি ব্যতিক্রমধর্মী মনস্তাত্ত্বিক জাদু।