বর্ষায় কৃষকের ঈদ আনন্দ

 শাইখ সিরাজের উপস্থাপনা ও নির্মাণে ফার্মার্স গেইম শো ‘কৃষকের ঈদ আনন্দ’ চ্যানেল আইয়ে প্রচারিত হবে আগামীকাল বিকেল ৪টা ৩০ মিনিটে। একদিকে করোনা মহামারি, অন্যদিকে নানা দুর্যোগ, এর ভেতরেই কৃষকের সুখ-দুঃখ খুঁজে নির্মিত হয়েছে ‘কৃষকের ঈদ আনন্দ’ অনুষ্ঠানটি। এবারের কৃষকের ঈদ আনন্দের মূল প্রতিপাদ্য বর্ষা। কৃষকরে ঈদ আনন্দে এবার বিভিন্ন সময়ে বর্ষার ভেতরে যেসব খেলার আয়োজন করা হয়, তা সংকলিতভাবে তুলে ধরা হবে। একইসঙ্গে থাকছে পৃথিবীর অনন্য কৃষি ঐতিহ্য দেশের দক্ষিণের এই ভাসমান চাষের গল্প, শাপলা সংগ্রহ ও শাপলা কেন্দ্রিক জীবন ধারনের গল্প, নদী ভাঙনের দুঃখ-গাঁথা ও নৌকা বাইচ। বর্ষায় নদীমাতৃক বাংলাদেশ যেন ফিরে পায় তার আদিরূপ। খাল-বিল নদীগুলো পানিতে টইটম্বুর হয়ে ওঠায় আমাদের জীবনে যোগ হয় পৃথক এক ছন্দ। দারুণ সম্ভাবনায় জেগে ওঠে বর্ষা ও নদী কেন্দ্রিক পর্যটন। থাকছে বর্ষায় ঝলকাঠির ভিমরুলির ভাসমান পেয়ারার বাজারের গল্প। এর সঙ্গে এবার নতুন আয়োজন হিসেবে যুক্ত হয়েছে খড়মের গল্প এবং তরুণ ও বৃদ্ধের মাঝে খড়ম পায়ে দৌড় প্রতিযোগিতা। মাঝে থাকবে বর্ষার গান।