প্রকাশ পেল ইমনের ‘নোটিশ বোর্ড’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রকাশিত হলো জনপ্রিয় সংগীত পরিচালক ও সংগীতশিল্পী রোকন ইমনের বহু প্রতীক্ষিত প্রথম অ্যালবাম ‘নোটিশ বোর্ড’। রোকন ইমনকে সংগীত পরিচালক হিসেবে সংগীতজগতের অনেকেই চেনেন। সংগীত পরিচালনার পাশাপাশি ইতিপূর্বে বেশকিছু গানও করেছেন বিভিন্ন চলচ্চিত্রের জন্য। এই প্রথম শ্রোতারা একসঙ্গে রোকন ইমনের ৯টি গান এবং তার লিড গিটারে বাজানো একটি ইন্সট্রুমেন্টাল মিউজিক পাচ্ছেন। বেঙ্গল ফাউন্ডেশনের ব্যানারে প্রকাশিত এ অ্যালবামের গানগুলোর হূদয়স্পর্শী কথাই জানান দেয় রোকন ইমন শুধু কণ্ঠে আর সুরে নয়, কথা সৃষ্টিতেও বিশেষ পারঙ্গম। এই অ্যালবামের চার-পাঁচটি গানে রোকন ইমনের সঙ্গে কথা/সুরে কাজ করেছেন-পিন্টু ঘোষ, এনামুল করিম নির্ঝর, মাহমুদ মান্না ও হাবিব মাসুদ। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন শিল্পী নিজেই। অ্যালবাম প্রসঙ্গে রোকন ইমন বলেন, ‘বহু বছর ধরে একটু একটু করে তৈরি করা অ্যালবামটা অবশেষে মুক্তি পেল, এটাই বড় আনন্দ। ভালো-মন্দ বিচারের ভার শ্রোতাদের কাছেই রইলো।’ আন্তর্জাতিক মিউজিক ডিস্ট্রিবউটর THE ORCHARD-এর মাধ্যমে অ্যাপল মিউজিক (itunes), spotify, অ্যামাজন মিউজিক, Desser-সহ বিশ্বের দুই শতাধিক ডিজিটাল প্লাটফর্ম থেকে অডিও অ্যালবামটি অবমুক্ত করা হয়েছে।