কাপ্তাইয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

কাপ্তাই উপজেলায় সোমবার ভোরে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে ভদন্ত আজ্ঞাধাম্মা থের (৫৮) নামের এক বৌদ্ধ ভিক্ষু মারা গেছেন। মৃত ভিক্ষু কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কারিগর পাড়া এলাকার ‘তম্বঘোনা বৌদ্ধ বিহার’ এর অধ্যক্ষ ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী। স্থানীয় কারবারী উথোয়াইপ্রু মারমা বলেন, বৌদ্ধ ভিক্ষু অন্য দিনের মতো সোমবার ভোরেও মন্দিরে পূজা দেন। পূজা সম্পন্ন করে তিনি মন্দির থেকে বের হবার সঙ্গে সঙ্গে বন্যহাতির মুখোমুখি হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতি তার ওপর আক্রমণ চালায় এবং হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে জানান ওসি ইকবাল বাহার চৌধুরী। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত বৌদ্ধ ভিক্ষুর পরিবারকে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।