করোনাকালে অনেক প্রান্তিক মানুষ অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। পুনাকের মানবিক উদ্যোগের চলমান কার্যক্রমের অংশ হিসেবে গতকাল সোমবার রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দুস্থদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য, পুনাক সভানেত্রী জীশান মীর্জা সংগঠনের অন্য নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গত ৪ জুলাই শুরু করেছিলেন দুস্থদের মাঝে খাবার বিতরণ কার্যক্রম। পুনাকের তহবিল থেকে নয়, নিজেদের আয়োজনে বাসায় রান্না করা খাবার বিতরণ করেছেন পুনাক নেতৃবৃন্দ।
জীশান মীর্জার নেতৃত্বে সরকারি বিধিনিষেধ শুরু হওয়ার পর থেকে প্রতিদিন পুনাকের একাধিক টিম রাজধানীর বিভিন্ন রাস্তায় ঘুরে ঘুরে রান্না করা খাবার তুলে দিয়েছে ক্ষুধার্ত অসহায় দরিদ্র মানুষের হাতে।
গতকাল সোমবার রাজারবাগে ৫১টি পরিবারের ১০৮ জন সদস্যের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রীর মধ্যে ছিল একটা শাড়ি, একটা লুঙ্গি, রান্না করা গরুর মাংস, চাল, ডাল, পেঁয়াজ, আলু, চিনি, সেমাই, গুঁড়া দুধ ও তেল।