বান্দরবানে পল্লিচিকিত্সককে অপহরণের পর গুলি করে হত্যা

বান্দরবান সদরে অপহূত উগ্য মারমা (৪১) নামে এক পল্লিচিকিত্সককে অপহরণের পর গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার কুহালং ইউনিয়নের বাকীছড়া ব্রিকফিল্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। উগ্য মারমা এলাকায় পল্লি ডাক্তার নামে পরিচিতি এবং কুহালং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত রবিবার সদর উপজেলার ২ নম্বর কুহালং ইউনিয়নের ক্যামলংপাড়ার নিজ ওষুধের দোকানে ওষুধ বিক্রি করছিলেন উগ্য মারমা। সন্ধ্যায় ২০-২৪ জনের সশস্ত্র উপজাতীয় সন্ত্রাসীর একটি দল উগ্য মারমাকে পাড়াবাসী ও অন্যান্য দোকানদারদের সামনে থেকে অপহূরণ করা নিয়ে যায়। পরে গতকাল অপহরণের স্থান থেকে তিন কিলোমিটার দূরে বাকীছড়া ব্রিকফিল্ড এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম চৌধুরী বলেন, হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে। পুলিশ আরো জানায়, উগ্য মারমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাকে মাথার পেছনের অংশে গুলি করে হত্যা করে। চলতি বছরের মে মাসে জেলার রোয়াংছড়ি উপজেলায় সন্ত্রাসীরা মসজিদের ইমামকে গুলি করে হত্যা করেছিল। সেটির হোতারা এখনো ধরা পড়েনি।