দেশের বৃহত্ বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ডসংখ্যক পরিবহন সেতু পারাপার হওয়ায় ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা টোল আদায় হয়। জানা গেছে, আসন্ন ঈদকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কে গত তিন দিন ধরে স্বাভাবিকের চেয়ে তিন গুণ পরিবহন মহাসড়কে চলাচল করছে। এতে প্রতিনিয়তই মহাসড়কের টাঙ্গাইল অংশে ধীরগতি ও যানজট লেগেই থাকছে। তবে মহাসড়কে প্রচুর যানবাহন চলাচল করায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে এই রেকর্ড সৃষ্টি হচ্ছে।
জানা যায়, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার, মাইক্রো, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন মিলিয়ে ৩৯ হাজার ৪৮১টি পরিবহন বঙ্গবন্ধু সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ৪০ টাকা। এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ১৯ হাজার ৮৫৩টি পরিবহনের বিপরীতে ১ কোটি ৪০ লাখ ৪ হাজার ৮০০ টাকা এবং বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৯ হাজার ৬২৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয় ১ কোটি ৫৮ লাখ ৪৩ হাজার ২৪০ টাকা। যা বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে সর্বোচ্চ রেকর্ড। মহাসড়কে ট্রাক ও বাসের সংখ্যা বেশি হওয়ায় সেতুতে টোল আদায় বেড়েছে। তবে গত রমজানের ঈদে বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রাইভেট কার ও ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল বেশি থাকায় পরিবহনের সংখ্যা বাড়লেও টোল আদায় পরিমাণ কম ছিল। রমজানের ঈদের আগে গত ১১ মে সকাল ৬টা থেকে ১২ মে সকাল ৬টা পর্যন্ত ৫১ হাজার ৯৪২টি যানবাহন সেতু পারাপার হয়। এতে টোল আদায় হয় ২ কোটি ৭৩ লাখ ৮ হাজার ৭৩০ টাকা।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, আসন্ন ঈদ কেন্দ্রিক মহাসড়কে পরিবহনের চাপ বেড়েছে। বিগত দুই দিনে রেকর্ড ভঙ্গ করে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ প্রায় ৩ কোটি টাকা টোল আদায় হয়েছে বঙ্গবন্ধু সেতুতে।