গাইবান্ধা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর ও কর্মরত মেডিক্যাল অফিসার ও নার্সসহ স্টাফদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী এক বিবৃতিতে বলেছেন, হাসপাতালের জরুরি বিভাগে আগত রোগীর মৃত্যুকে কেন্দ্র করে রোগীর স্বজন পরিচয়ধারী একদল দুষ্কৃতকারী ১৮ জুলাই গাইবান্ধা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগ ভাঙচুর ও বিভাগে কর্মরত মেডিক্যাল অফিসার ডা. সুজন পাল, ডা. নুরে জান্নাত ও কর্তব্যরত নার্সসহ অন্য স্টাফের ওপর বর্বরোচিত হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।