ছিনতাইয়ের দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন উদ্ধার

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের হাত থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। দেড় মাস আগে রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে গাড়ির জানালা দিয়ে ছিনতাই হয় মোবাইল ফোনটি। ছিনতাইয়ের সঙ্গে জড়িত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো : মো. সগির, মো. সুমন মিয়া, মো. জাকির, মো. হামিদ আহম্মেদ সোহাগ ওরফে আরিফ এবং মো. জীবন।

গত রবিবার রাজধানীর কয়েকটি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, বিভিন্ন মডেলের ১০টি ফোনসেট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গতকাল ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদসম্মেলনে এসব তথ্য জানিয়েছেন রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, ধানমন্ডি থানার একটি মামলার ভুক্তভোগী ১২ জুলাই বিকালে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে অজ্ঞাতনামা দুই ব্যক্তি তার ভ্যানিটি ব্যাগ টান দিয়ে নিয়ে যায়। সেই মামলার তদন্তে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সগির ও সুমনকে শনাক্ত ও গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে অপর আসামিদের গ্রেফতার করা হয়। আসামিদের কাছে ধানমন্ডি থানার মামলার বাদীর মোবাইল ফোনসহ পরিকল্পনামন্ত্রীর ছিনতাই হওয়া মোবাইল ফোন পাওয়া যায়।

এদিকে ছিনতাইয়ের ৪৯ দিন পর নিজের ব্যবহূত আইফোন ফিরে পাওয়ার সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, তারা চমত্কার কাজ করেছে। গতকাল নতুন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলমের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন। গত ১ জুন রাজধানীর বিজয় সরণির রাস্তায় গাড়িতে বসা অবস্থায় পরিকল্পনামন্ত্রীর হাত থেকে মোবাইল ফোনটি ছিনতাইয়ের ঘটনায় ঐদিনই কাফরুল থানায় একটি মামলা করা হয়।