অধস্তন আদালতের বিচারক ও কর্মচারীদের টিকা গ্রহণের নির্দেশ

দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের করোনা ভাইরাসের টিকা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। একই সঙ্গে টিকা গ্রহণ করে এ সংক্রান্ত তথ্য হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার বরাবরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের করোনা ভ্যাকসিন গ্রহণ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। যুক্তিসংগত কারণ ব্যতীত ভ্যাকসিন গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট থেকে জারি করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন। অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের অনেক বিচারক, কর্মকর্তা-কর্মচারীও টিকা নিয়েছেন। এরপরও যারা টিকা নেননি তাদের টিকা নিতে এই নির্দেশনা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, অধস্তন আদালত ও ট্রাইব্যুনালসমূহের বিচারক এবং কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যারা এখনো করোনার টিকা গ্রহণ করেননি তাদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে টিকা গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো। প্রত্যেক জেলার জেলা ও দায়রা জজ, মহানগর এলাকার মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অধীনস্ত বিচারক, কর্মকর্তা-কর্মচারীদের এবং অন্যান্য ক্ষেত্রে সংশ্লিষ্ট বিচারক তার ও তার অধীনস্ত কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ টিকাদান কার্ড কপি সংগ্রহপূর্বক টিকা গ্রহণসংক্রান্ত তথ্যাবলি আগামী ১২ আগস্টের মধ্যে মেইলযোগে সফট ও হার্ডকপি হাইকোর্ট বিভাগের কাছে পাঠাবেন।

অপর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের যেসব কর্মকর্তা ও কর্মচারী এখনো করোনার ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের নিবন্ধন সম্পন্ন করে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভ্যাকসিন গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া হলো।

সুপ্রিম কোর্টের সব কর্মকর্তা ও কর্মচারীর ভ্যাকসিন গ্রহণের টিকা কার্ড বা সনদ আগামী ১ আগস্ট থেকে ৮ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট শাখার সুপারিনটেনডেন্ট এবং বেঞ্চ অফিসারের মাধ্যমে সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) এর দপ্তরে পাঠাতে হবে। এ সময়ের মধ্যে যুক্তিসংগত কারণ ব্যতীত ভ্যাকসিন গ্রহণ না করলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।