রাজধানীতে সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্য আটক

চোরাই কাভার্ড ভ্যান ও প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামালসহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে—লিটন ও বেলাল  হোসেন শিবলু। একটি মামলার পরিপ্রেক্ষিতে রাজধানীর যাত্রাবাড়ী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের একটি দল টানা ৩৬ ঘণ্টা অভিযান পরিচালনা করে বিদেশ থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ প্লাস্টিক পণ্যসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। উদ্ধার হওয়া পণ্যের মধ্যে ছিল সৌদি আরব থেকে আমদানিকৃত ৩৩৪ বস্তা প্লাস্টিক পণ্য তৈরির কাঁচামাল। এসব বস্তায় ২৫ কেজি করে মোট ৮ হাজার ৩৫০ কেজি কাঁচামাল ছিল। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ শরিফুল ইসলাম।