দেশের বৃহৎ ও দক্ষিণ, পশ্চিম উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বঙ্গবন্ধু সেতু উপর দিয়ে রেকর্ড সংখ্যক যানবাহন পারাপার হয়েছে। গেল ২৪ ঘণ্টায় প্রায় ৪৯ হাজার পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে সেতুতে টোল আদায় হয়েছে পৌনে তিন কোটি।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সোমবার (১৯ জুলাই) সকাল ৬টা হতে মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যাত্রীবাহী বাস, ট্রাক, লড়ি, প্রাইভেটকার, মাইক্রো, মোটরসাইকেলসহ অন্যান্য পরিবহন সেতু পারাপার হয়েছে ৪৮ হাজার ৪শ ২৩টি পরিবহন। এতে সেতুতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। এরমধ্যে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজায় ৩২ হাজার ৫৩১টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৯৫ হাজার ৪৬০ টাকা এবং সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৫ হাজার ৮৯২টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার ৪৯০ টাকা। এতে গেল কয়েকদিনে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন পারাপারে রেকর্ড সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, আগের চেয়ে বঙ্গবন্ধু সেতুতে পরিবহন পারাপারের সংখ্যা বেশি হয়েছে। এই ঈদে সবচেয়ে বেশি পরিবহন সেতু পারাপার হয়েছে। এতে ৪৮ হাজার ৪২৩টি পরিবহনের বিপরীতে টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ২ কোটি ৮৬ লাখ ২৬ হাজার ৯৫০ টাকা। তবে গতকাল টোল আদায়ের পরিমাণ বেশি ছিল।
ইত্তেফাক/এমএএম