খুলনার পাঁচ হাসপাতালে করোনায় আরও ৭ জনের মৃত্যু

খুলনার পাঁচ হাসপাতালে প্রাণঘাতী করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে শুক্রবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এরমধ্যে  খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে দুজন, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে একজন, খুলনা জেনারেল হাসপাতালে একজন ও বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় ডেডিকেটেড করোনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, সাতক্ষীরার তালার মফিজুর রহমান (৫২) ও গোপালগঞ্জ কোটালীপাড়ার আব্দুল মজিদ (৮০)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২১ জন। এরমধ্যে রেড জোনে ৪১ জন, ইয়োলো জোনে ৪৭ জন ও আইসিইউতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন।

বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, বাগেরহাটের ফকিরহাটের পাগলা শ্যামনগর এলাকার সোনিয়া (৩৫) ও কচুয়া এলাকার সুকান্ত দাস (৬৫)। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৪ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মহানগরীর বয়রা কলেজ রোডের মো. ফজলুর রহমান (৭৯) নামে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪৫ জন। এরমধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন একজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নগরীর টুটপাড়ার আব্দুস সাত্তার (৭২) নামে একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৮ জন। এরমধ্যে ২২ জন পুরুষ ও ১৬ জন নারী। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৫ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

বেসরকারি সিটি মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নগরীর পশ্চিম বানিয়াখামার এলাকার গোলাম মোস্তফা (৯০) নামের একজন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৫৮ জন ভর্তি রয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৮ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ জন।

ইত্তেফাক/এমআর